ডাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। মধুর ক্যানটিনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ তথ্য জানিয়েছেন।

ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, বিকাল ৪টার মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোটদানের সুযোগ দেওয়া হয়েছে।

ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) পর্যবেক্ষকরা জানিয়েছেন, দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো ছিল।

তবে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী তাহমিনা আক্তার ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে নিজেকে নির্বাচন বর্জন করেছেন। তিনি অভিযোগ করেছেন, শিবির প্রার্থীর পক্ষে আগে থেকে পূরণ করা ব্যালট এবং জালিয়াতির মাধ্যমে ভোট প্রক্রিয়ায় প্রহসনের অবস্থা তৈরি করা হয়েছে। তাহমিনা আক্তার বলেন, “আমি এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করেছি। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে।