দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শেষে এখন সবার নজর ফলাফলের দিকে।
রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জমেছে শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকদের উপচেপড়া ভিড়। সাংবাদিকদের ফলাফল ঘোষণার জন্য ডাকা হলেও সাধারণ শিক্ষার্থীরাও হলে প্রবেশ করেন। ফলে ভেতরে দাঁড়ানোরও জায়গা নেই, চারপাশ কানায় কানায় পূর্ণ। রাত ১২টা পর্যন্তও ফলাফল ঘোষণা হয়নি, তবে প্রত্যাশিত ফল ঘনিয়ে আসায় উত্তেজনা ও উৎকণ্ঠা আরও বাড়ছে।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়ছেন।
প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার তালিকায় ছিলেন, যার মধ্যে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন পুরো ক্যাম্পাসের অপেক্ষা, কে বসছেন ডাকসুর নেতৃত্বের আসনে।
আপনার মতামত লিখুন :