জেন–জির বিক্ষোভ

নেপালে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামছে সেনাবাহিনী, বিক্ষোভকারীদের সংলাপের আহ্বান


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

নেপালে চলমান সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার পর থেকে সরাসরি মাঠে নামবে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। মঙ্গলবার এক বিবৃতিতে নেপাল সেনাবাহিনী জানিয়েছে, সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, “এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে নেপালি সেনাবাহিনীসহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তবে কীভাবে এ পদক্ষেপ বাস্তবায়ন হবে, তা বিস্তারিত জানানো হয়নি।

এরই মধ্যে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

বিক্ষোভে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি আরও সহিংসতা এড়াতে বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের অনুরোধ জানান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেনাপ্রধান বলেন, “আইনশৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং জানমালের ক্ষতি ঠেকানো আমাদের সবার যৌথ দায়িত্ব।”

চলমান পরিস্থিতিকে তিনি “অস্বস্তিকর অবস্থা” আখ্যা দিয়ে উত্তেজনা প্রশমনের ডাক দেন।