ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, “ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় নিশ্চিত হয়েছে। এখানে জয়ের বা পরাজয়ের কিছু নেই।”
বুধবার সকালে ফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি শহীদদের স্মরণ করে বলেন, “শিক্ষার্থীরা আমাদের ওপর যে নেতৃত্বের আমানত অর্পণ করেছেন, তার যথাযথ হক আদায় করা হবে ইনশাআল্লাহ। আমি ভিপি নয়, শিক্ষার্থীদের ভাই হয়ে পাশে থাকব।”
এ সময় ঢাবি ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম। তিনি বলেন, ‘সব দল-মত মিলে একসঙ্গে কাজ করব। পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে পরিণত করব। প্রথম বর্ষ থেকেই চমৎকার একাডেমিক এনভারমেন্ট এখানে পাবে। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো। সবার কাছে দোয়া চাচ্ছি। সব মতাদর্শকে নিয়ে আমরা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।”
এ সময় জিএস পদে বিজয়ী এস এম ফরহাদ বলেন, “এটি আমার বা কোনো দলের বিজয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। শিক্ষার্থীরা যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করাই এখন প্রধান কাজ।”
তিনি দায়িত্ব পালনে ভুল হলে শিক্ষার্থীদের তা সংশোধন করার আহ্বান জানান এবং বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :