দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩৩ বছর পর শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
শুরুর দিকে ভোটকেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল কম। সকাল সাড়ে ১০টার মধ্যে শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন ভোটারের মধ্যে মাত্র ১৩ জন ভোট দেন। শহীদ সালাম-বরকত হলেও প্রথম ঘণ্টায় মাত্র ২৩ ভোট পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন ভোটার ২৫টি পদের জন্য ১৭৮ প্রার্থীকে বেছে নেবেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দায়িত্ব পালন করছেন ৬৭ জন পোলিং অফিসার ও সমসংখ্যক সহকারী পোলিং অফিসার। ভোট শেষে সিনেট হলে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে বাম, ছাত্রদল, শিবির, স্বতন্ত্রসহ আটটি প্যানেল অংশ নিয়েছে। ভিপি পদে নারী প্রার্থী না থাকলেও জিএস পদে দুই নারী প্রার্থীসহ মোট প্রার্থীর প্রায় এক-চতুর্থাংশই ছাত্রী। তবে মেয়েদের পাঁচটি হলে এবার কোনো প্রার্থী নেই।
ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৪০টি ব্যালটে ভোট দিচ্ছেন। বিশেষ ওএমআর মেশিনে গণনা শেষে ফল প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :