দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন ফটক, প্রান্তিক ফটক ও বিশ মাইল ফটকসহ সব প্রবেশপথে কড়া নজরদারি চলছে। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে; স্টিকারবিহীন গাড়িকেও ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।
নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি এবং পাঁচ প্লাটুন আনসার সদস্য। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলে রয়েছে।
এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন ভোটার ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ১৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচন পরিচালনায় নিয়োজিত রয়েছেন ৬৭ জন পোলিং অফিসার ও সমসংখ্যক সহকারী পোলিং অফিসার। ভোট শেষে সিনেট হলে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
বাম, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্রদের নিয়ে মোট আটটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।
আপনার মতামত লিখুন :