জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর থেকে একে একে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স পুরাতন প্রশাসনিক ভবনে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এ সময় ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, পুরাতন প্রশাসনিক ভবন, মুরাদ চত্বর, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্ট এলাকা ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি এপিবিএন, বিজিবি, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরাও চার স্তরের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানিয়েছেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে ঘিরে মোট ১,৫৩৪ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটসহ একাধিক প্রবেশপথ বন্ধ রাখা হয়। নিরাপত্তার স্বার্থে ভাসমান দোকান, ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন মার্কেট ও দোকান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে আবাসিক হলগুলোর ক্যান্টিন খোলা রাখা এবং পর্যাপ্ত খাদ্য মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এছাড়া ১০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফল গণনা শেষে নির্বাচন কমিশন থেকেই চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :