জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভয়াবহ এক শোকের ঘটনা ঘটেছে। ভোট গণনার দায়িত্ব পালনকালে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
শুক্রবার সকালে তিনি প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। অসুস্থ হয়ে পড়লে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, বৃহস্পতিবার সারাদিন ভোটগ্রহণ শেষে গভীর রাতে সিনেট ভবনে গণনা শুরু হয়। জান্নাতুল ফেরদৌস সকালে দায়িত্ব পালনে আসেন। হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার বলেন, “সকাল ৮টার দিকে জান্নাতুল ভোট গণনার জন্য আসেন। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন।” ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তারও জানান, ডাকার পর তিনি দায়িত্বে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাওন জানান, সকাল ৯টার দিকে তাকে মৃত অবস্থায় আনা হয়। এ সময় তার স্বামী ও সহকর্মী শিক্ষকরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :