জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১২টি আবাসিক হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৯টি হলে গণনার কাজ চলছে। সব হলে গণনা শেষ হলে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে।
নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একযোগে ভোট গণনা চলছে। তবে ভোরে কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল। পরে যেখানে এজেন্টরা উপস্থিত হয়েছেন, সেসব হলে গণনা অব্যাহত রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১০টার পর সিনেট ভবনে ব্যালট গণনা শুরু হয়। এ সময় পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা চললেও বেশিরভাগ এজেন্ট হল সংসদের প্রার্থীদের ছিলেন।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী জানান, আপাতত কেবল হল সংসদের ভোট গণনা চলছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে দুপুরের পর ফলাফল ঘোষণা হতে পারে।
তিনি আরও বলেন, “শিক্ষক ও কর্মকর্তারা সারাদিন হলে ভোটগ্রহণের দায়িত্ব পালন করেছেন। এখন আবার সিনেট ভবনে গণনার দায়িত্বে আছেন। ক্লান্তির কারণে গণনার গতি কিছুটা ধীর হচ্ছে।
আপনার মতামত লিখুন :