জাকসু নির্বাচন

জাকসু নির্বাচন কমিশন থেকে মাফরুহী সাত্তারের পদত্যাগ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

শিক্ষা ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নতুন কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। মাফরুহী সাত্তার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়লেও দায়িত্ব পালন করে গেছি। কিন্তু নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে এ কমিশনে থাকা আর সম্ভব নয়। তার অভিযোগ, নির্বাচন কমিশনের সহযোগিতার ঘাটতি ও ত্রুটি দূরীকরণে পদক্ষেপ গ্রহণ না করায় পুরো নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে উঠেছে।

তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশন সভায় অভিযোগ খতিয়ে দেখে ভোট গণনা আপাতত স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হলেও সেই প্রস্তাব উপেক্ষা করে গণনা শুরু হয়। এ অবস্থায় দায়িত্ব পালনে অসম্ভব মনে হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।