তিন ম্যাচের সিরিজে ১–১–এ সমতা

২০ ওভারে ৩০৪! রেকর্ডবুক নতুন করে লিখল ইংল্যান্ড


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক

ম্যানচেস্টারের আকাশে শুক্রবার রাতে ঝড় তুলল ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে তারা গড়ল অবিশ্বাস্য এক রেকর্ড—মাত্র ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান! আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং টেস্ট খেলুড়ে দুই দেশের মধ্যে সর্বকালের সেরা ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের এই রান পাহাড় সমান হয়ে দাঁড়ায়। প্রোটিয়ারা ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি, হেরে বসে ১৪৬ রানে। ফলে তিন ম্যাচ সিরিজ এখন ১–১ সমতায়, নটিংহামে রবিবারের লড়াই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।

রেকর্ডের নায়ক ফিল সল্ট। ৮ ছক্কা ও ১৫ চারে মাত্র ৬০ বলে খেলেছেন অপরাজিত ১৪১ রানের ঝড়ো ইনিংস। এদিন ভেঙে দেন লিয়াম লিভিংস্টোনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও—পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে করা সেই সেঞ্চুরিকে পেছনে ফেলে ৩৯ বলে তুলে নেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি সল্টের চতুর্থ সেঞ্চুরি, আর ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রান ও দ্রুততম সেঞ্চুরির নতুন মানদণ্ড।

সল্টের পাশে থেকে ব্যাট ঝড়িয়েছেন অধিনায়ক জস বাটলারও। মাত্র ৩০ বলে করেছেন ৮০ রান, যার স্ট্রাইক রেট ছিল ২৭৬.৬৬—সল্টের চেয়েও বেশি! হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ২১ বলে ৪১ রানে।

ইংল্যান্ডের ইনিংসে বাউন্ডারির ছড়াছড়ি—মোট ৩০টি চার ও ১৮টি ছক্কা। শুধু বাউন্ডারি থেকেই আসে ২২৮ রান, যা মোট সংগ্রহের তিন-চতুর্থাংশ। প্রথম ১০ ওভারে তোলা হয় ১ উইকেটে ১৬৬ রান, ১২.১ ওভারেই অতিক্রম করে ২০০। শেষ পর্যন্ত গড়ে ফেলে নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, যা এই ফরম্যাটের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ।

এর আগে টেস্ট খেলুড়ে দুই দেশের ম্যাচে সর্বোচ্চ সংগ্রহ ছিল ভারতের দখলে—২০২৪ সালে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান। সেই রেকর্ড এখন ইংল্যান্ডের মুকুটে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ৩০৪/২ (সল্ট ১৪১*, বাটলার ৮৩, ব্রুক ৪১*; ইয়ানসেন ০/৬০, রাবাদা ০/৭০, উইলিয়ামস ০/৬২)

দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৫৮ (মার্করাম ৪১, ফরচুন ৩২, স্টাবস ২৩, ফেরেইরা ২৩; আর্চার ৩/২৫, ডসন ২/৩৪)

ফল: ইংল্যান্ড ১৪৬ রানে জয়ী।

ম্যাচসেরা: ফিল সল্ট (ইংল্যান্ড)

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১–১–এ সমতায় দুই দল।