কঙ্গোতে নৌকাডুবিতে অন্তত ১৯৩ জনের মৃত্যু, নিখোঁজ দেড় শ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ফের নৌকাডুবির ভয়াবহতা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একুয়েতার প্রদেশে পৃথক দুই নৌ দুর্ঘটনায় কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

বুধবার বাসাঙ্কাসু এলাকায় একটি মোটরচালিত নৌকা ডুবিতে প্রাণ হারান অন্তত ৮৬ জন, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা এলাকায় প্রায় ৫০০ যাত্রী বহনকারী আরেকটি হোয়েলবোটে আগুন ধরে উল্টে গেলে প্রাণ যায় আরও বহু মানুষের। মালাঞ্জে গ্রামের কাছে কঙ্গো নদীতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত যাত্রী বোঝাই ও রাতের যাত্রাকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে সঠিক কারণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কঙ্গোয় নৌপথে যাত্রী ও মালবাহী নৌকার নিরাপত্তাহীনতার কারণে দুর্ঘটনা বাড়ছে। এসব নৌযানে নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট, আবার বেশিরভাগ সময় যাত্রা হয় রাতের অন্ধকারে।

স্থানীয় নাগরিক সংগঠনগুলো সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে। তাদের দাবি, মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি।

কঙ্গোয় সড়ক যোগাযোগ সীমিত ও ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষ এখনো ঝুঁকিপূর্ণ নৌযানেই যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এর ফলে নৌকাডুবি সেখানে এক নিয়মিত শোকগাথায় পরিণত হয়েছে।