জাকসু নির্বাচনের ফল ঘোষণা আজ সন্ধ্যা ৭ টায়


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

শিক্ষা ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোট গণনা, যা টানা তিন দিন ধরে চলে। অবশেষে আজ ফল প্রকাশের সময় জানালো নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচনকে ঘিরে নানা নাটকীয়তা তৈরি হয়। ভোটের আগেই ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বয়কট করে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থী চার শিক্ষক পদত্যাগ করেছেন।

জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন।