ডাকসু নির্বাচন

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

শিক্ষা ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

এর আগে শুক্রবার রাতে অনিয়মের অভিযোগ তুলে কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, সমান সুযোগ বা “লেভেল প্লেয়িং ফিল্ড” ছিল না। ভোট মেশিনে গণনার সিদ্ধান্ত থাকলেও তা উপেক্ষা করে হাতে গণনা করা হয়েছে, যা একটি বড় অনিয়ম। লিখিত অভিযোগ করার পরও প্রতিকার পাননি তিনি। উল্টো তাঁকে পদত্যাগ না করতে চাপ দেওয়া হয়েছিল বলে জানান মাফরুহী সাত্তার।

এ নিয়ে কমিশনের দুই সদস্য পদত্যাগ করলেন। এর আগে ছাত্রদলসহ চারটি প্যানেলও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে। বিএনপিপন্থি চার শিক্ষকও পদত্যাগ করেছেন।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২১ হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এরপর থেকে জাকসু নির্বাচনকে ঘিরে নানা নাটকীয়তা অব্যাহত রয়েছে।