জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

শিক্ষা ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবিরপন্থিদের ব্যাপক বিজয় হয়েছে। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ফল অনুযায়ী, ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা জয়ী হয়েছেন। দুজনই শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।

ঘোষিত ফলাফলে দেখা যায়, কেন্দ্রীয় সংসদের শীর্ষ চারটির মধ্যে তিনটি পদসহ মোট ২৫টির মধ্যে ২১টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত শিক্ষার্থী জোট। শিক্ষা ও গবেষণা, পরিবেশ, সাহিত্য, নাটক, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, পরিবহনসহ অধিকাংশ সম্পাদকীয় পদে বিজয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। কার্যকরী সদস্য পদগুলোতেও শিবির সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য লড়াই করেন ১৭৭ জন প্রার্থী। তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ প্রগতিশীল জোট ও কয়েকটি সংগঠন নির্বাচন বর্জন করে।

৪২ ঘণ্টা ভোট গণনার পর এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।