গাজায় ইসরায়েলি হামলা

একদিনে ৪৯ নিহত, ছয় হাজারের বেশি বাস্তুচ্যুত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজা সিটিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। শনিবারের টানা বোমাবর্ষণে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন অন্তত ৪৯ জন, আর গোটা গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৬২ জন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় অন্তত ছয় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, টানা অবরোধ ও বোমাবর্ষণের কারণে গাজা সিটির মানুষ ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী দ্রুতগতিতে হামলা চালাচ্ছে যেন শহর খালি হয়ে যায়। এমনকি উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে পালাতে বলা হচ্ছে বাসিন্দাদের। কিন্তু অধিকাংশ মানুষ নিরাপদ আশ্রয়ের অভাবে পশ্চিমাংশে জড়ো হচ্ছেন।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর যুদ্ধবিমান আবাসিক ভবনে বোমা ফেলছে, যেখানে মানুষকে সরে যাওয়ার যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, আল-শিফা হাসপাতালের প্রধান মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, বাসিন্দারা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছেন, তবে অল্প কয়েকজনই দক্ষিণে পৌঁছাতে পেরেছেন।

👉 গাজা সিটিতে মানবিক বিপর্যয় ক্রমশ গভীর হচ্ছে, যেখানে বেঁচে থাকা মানুষও নিরাপত্তাহীনতার ভেতর দিন কাটাচ্ছেন।