বাংলার মুখ ডেস্ক
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং এর বেশি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
অধিদপ্তর বলছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম নগরীতে সাময়িক জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে।
এদিকে শনিবার মধ্যরাত থেকে রাজধানীতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। যদিও বড় ধরনের পানি জমেনি, তবে যানবাহনের গতি কমে গেছে। ফলে রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
👉 আবহাওয়াবিদরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :