আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্ত দিয়েছেন—ন্যাটোভুক্ত দেশগুলোকে আগে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লিখেছেন, ন্যাটো দেশগুলো একই পদক্ষেপে রাজি হলে তিনি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি ন্যাটো দেশগুলোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরামর্শ দেন। তার দাবি, এতে রাশিয়ার ওপর চীনের প্রভাব দুর্বল হয়ে পড়বে এবং চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার পথ খুলবে।
এর আগে বহুবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেও তা বাস্তবে কার্যকর করেননি ট্রাম্প। তিনি রাশিয়ার তেল কেনাকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে বলেছেন, এ কারণে ন্যাটোর দর-কষাকষির ক্ষমতা হ্রাস পাচ্ছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপে রাশিয়ার জ্বালানি নির্ভরতা কমলেও তা এখনো যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তার এই বার্তা এমন সময় এলো যখন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে এবং ন্যাটো সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
এদিকে, ন্যাটোর পূর্ব সীমান্ত শক্তিশালী করতে নতুন করে ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানি মিশনে যোগ দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :