প্রয়াত এন্ড্রু কিশোরকে কর পরিশোধের জন্য এনবিআরের চিঠি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তাঁর নামে কর পরিশোধের নোটিশ পাঠিয়েছে কর অঞ্চল-১২। ২০২০ সালের ৬ জুলাই প্রয়াত এই শিল্পীর নামে ৭২ হাজার ৮০৩ টাকা বকেয়া করের দাবি জানানো হয়েছে।

সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে— ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে ৫০ হাজার ৩৮০ টাকা কর বকেয়া রয়েছে।

এ বিষয়ে কর কর্মকর্তা জানান, এটি নিয়মিত কার্যক্রমের অংশ। প্রয়াত করদাতার কর তার পরিবারের উত্তরাধিকারীদের ওপর বর্তায়। আইন অনুযায়ী, মৃত ব্যক্তির নামে থাকা সম্পদ বা আয় থেকে করযোগ্য আয়ের বিপরীতে নির্ধারিত কর আদায় করা হবে। উত্তরাধিকারীদের মধ্যে একজনকে প্রতিনিধি করে প্রতি বছর মৃত করদাতার পক্ষে রিটার্ন দাখিল ও কর পরিশোধ করতে হবে।

যত দিন পর্যন্ত সম্পত্তি ভাগ-বাটোয়ারা না হয়, তত দিন মনোনীত প্রতিনিধি কর পরিশোধ করবেন। কর পরিশোধ না হলে কিংবা আইন অমান্য করলে উত্তরাধিকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কর কর্মকর্তারা জানিয়েছেন।