ডাকসু-জাকসু নির্বাচন

ডাকসু-জাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুললেন রিজভী


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে।

রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের প্রভাবশালী কয়েকজনের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল নিশ্চিত করেছেন। রিজভী প্রশ্ন তোলেন, জাকসু নির্বাচনের ব্যালট পেপার কেন একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানে ছাপানো হলো।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছে। জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলনকশা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রিজভী দাবি করেন, দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও মন্তব্য করেন তিনি।