বাংলার মুখ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ত্রুটি, অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সোমবার এক বিবৃতিতে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করলেও প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও বিতর্কিত হয়েছে। নির্বাচনের সময় একজন তরুণ শিক্ষক নিহত হয়েছেন, যা প্রক্রিয়ার মারাত্মক অদক্ষতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শিক্ষক নেটওয়ার্কের বক্তব্যে বলা হয়েছে, ভোটার তালিকা ও ব্যালট প্রক্রিয়ায় ত্রুটি, নির্দিষ্ট প্রার্থীদের বাতিল করা, পোলিং এজেন্টদের নিয়ন্ত্রণে অনিয়ম, ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, অতিরিক্ত ব্যালট সরবরাহ, জাল ভোট, এবং নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্যানেলের বর্জন—সব মিলিয়ে নির্বাচন পক্ষপাতদুষ্ট ও গ্রহণযোগ্যতা হারিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতির মূল দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর রয়েছে। তাই শিক্ষক নেটওয়ার্ক শৃঙ্খলাপূর্ণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্বাচনের সব কারচুপির উদঘাটন জরুরি বলে মনে করছে।
আপনার মতামত লিখুন :