বিশ্ববাজারে আবারও নতুন ইতিহাস গড়ল সোনার দাম। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রভাবশালী সংবাদমাধ্যম রয়টার্স জানায়, প্রতি আউন্স সোনার দাম প্রথমবারের মতো ৩ হাজার ৬৮০ ডলার ছাড়িয়েছে। স্পট মার্কেটে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮০ দশমিক ৮০ ডলার, যা এক পর্যায়ে পৌঁছেছিল ৩ হাজার ৬৮৫ দশমিক ৩৯ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৭১৯ ডলারে।
বিশ্লেষকদের মতে, ডলার দুর্বল হওয়া এবং মার্কিন বন্ড ইল্ড কমে আসায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। তাছাড়া, ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠক ঘিরে বাজারে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন। ডলার সূচক ০.৩ শতাংশ কমে এক সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে, যা সোনার আকর্ষণ আরও বাড়িয়েছে।
ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজার প্রায় নিশ্চিত যে ফেড ২৫ বেসিস-পয়েন্ট সুদের হার কমাবে। এটি হবে ডিসেম্বরের পর প্রথম সুদ হার কমানো। যদিও কিছু বিনিয়োগকারী আরও বড় পদক্ষেপ—৫০ বেসিস-পয়েন্ট কমানোর সম্ভাবনায় অপেক্ষায় আছেন। স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্টের ভাষ্যমতে, বছরের শেষ নাগাদ আরও এক বা দুইবার সুদের হার কমতে পারে।
এদিকে, মার্কিন অর্থনৈতিক তথ্য ইঙ্গিত দিচ্ছে মিশ্র পরিস্থিতির। আগস্টে ভোক্তা মূল্য সাত মাসের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে, অন্যদিকে সাম্প্রতিক চাকরির তথ্য শ্রমবাজারে দুর্বলতার ইঙ্গিত দিয়েছে। এতে ফেড সুদের হার কমানোর পথে আরও দৃঢ় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, চীনের সোনা আমদানি ও রফতানির নিয়ম শিথিল করার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং জানান, সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের বাড়তি চাহিদা সোনার দাম বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে। সব মিলিয়ে আগামী দিনে সোনার নতুন লক্ষ্য হতে পারে ৩ হাজার ৭৩০ থেকে ৩ হাজার ৭৪৩ ডলার।
আপনার মতামত লিখুন :