মেজবাউল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে শুরু হয় বড় রদবদল। প্রথম ধাপে গভর্নর আবদুর রউফ তালুকদারসহ দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও গভর্নরের নীতি উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হয়। এবারই প্রথম একজন নিয়মিত কর্মকর্তা পদত্যাগ করলেন। সরকারের উচ্চপর্যায় থেকে তার পদে থাকা নিয়ে আপত্তি ওঠার পর মেজবাউল হককে ঢাকার প্রধান কার্যালয় থেকে রাজশাহী অফিসে বদলি করা হয়েছিল।

মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান এবং একই সময়ে মুখপাত্রের দায়িত্বও পান। দীর্ঘদিন তিনি কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগ—পেমেন্ট সিস্টেম, আইটি ও অফসাইট সুপারভিশনের দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিভিন্ন ডিজিটাল লেনদেন উদ্যোগেও তিনি সম্পৃক্ত ছিলেন।

তবে তার দায়িত্ব পালনের সময়ে নানা বিতর্কও তৈরি হয়। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিদেশি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আইটি রুমে প্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মহলের সঙ্গে তার যোগাযোগ এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবে তার পরিচিতি নিয়ে আলোচনা ছিল।

তিন দশকের বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ার সমৃদ্ধ মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সরকারের পরিবর্তনের পর নানা বিতর্ক, বদলি ও চাপের পর অবশেষে তিনি পদত্যাগের পথ বেছে নিলেন।