দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১:১০ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক

দেশের বাইরে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ। সোমবার রাতে শারজাহতে রাশিদ খানের উইকেট পতনের মধ্য দিয়ে নিশ্চিত হয় ৮ রানের এই জয়। এতে এশিয়া কাপে ‘সুপার ফোর’ পর্যায়ে ওঠার আশা জিইয়ে রাখল লিটন দাসের দল।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ঝলমলে। নতুন ওপেনার তানজিদ হাসান ঝড়ো ইনিংস খেলেন ৩১ বলে ৫২ রান। সাইফ হাসানের ৩০ রান ও হৃদয়ের ২৬ রানে দল পৌঁছে যায় ১৫৪ রানে। তবে শেষ ১০ ওভারে রান তুলতে না পারায় ইনিংসটা প্রত্যাশার চেয়ে কিছুটা খর্বই হয়।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরু থেকেই চাপে পড়ে যায় নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে। ইনিংসের প্রথম বলেই উইকেট এনে দেন তিনি। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনও ধারাবাহিক সাফল্য এনে দেন। ফলে শেষ পর্যন্ত ১৪৬ রানের বেশি তুলতে পারেনি আফগানরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মুস্তাফিজ। দুটি করে উইকেট ভাগাভাগি করেন নাসুম, রিশাদ ও তাসকিন। তবে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে দুই উইকেট নেওয়া নাসুম আহমেদকেই ম্যাচসেরা নির্বাচিত করা হয়।

এই জয়ের ফলে বাংলাদেশ এশিয়া কাপে টিকে রইল। তবে সুপার ফোরে যাওয়ার পথ নির্ভর করছে বৃহস্পতিবার শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর। লঙ্কানরা জিতলে সরাসরি পাবে জায়গা বাংলাদেশ; আফগানিস্তান জিতলেও আশা টিকে থাকবে, তবে বড় ব্যবধানে লঙ্কানদের হারতে হবে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তানজিদ ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, জাকের ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমারজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রাশিদ ৪-০-২৬-২, নাবি ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)।

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (আটাল ০, গুরবাজ ৩৫, ইব্রাহিম ৫, নাইব ১৩, নাবি ১৫, ওমারজাই ৩০, জানাত ৬, রাশিদ ২০, নুর ১৪, গাজানফার ০, ফারুকি ২*; নাসুম ৪-১-১১-২, তাসকিন , মুস্তাফিজ ৪-০-২৮-৩, রিশাদ ৪-০-১৮-২, শামীম ১-০-১৬-০, সাইফ ৩-০-৩৯-০)।

ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: নাসুম আহমেদ।