বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ভাই


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই মো. আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন।

গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র প্রদান করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। আগামীকাল (১৯ সেপ্টেম্বর) তিনি প্রশিক্ষণকেন্দ্রে যোগ দিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে আছে। ফেলানীর ভাই একজন যোগ্য সদস্য হয়ে দেশসেবায় নিয়োজিত হবেন বলে আশা করি। সীমান্তে এমন নৃশংস হত্যাকাণ্ড আর না ঘটে সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

উল্লেখ্য, কিশোরী ফেলানীর হত্যাকাণ্ড দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তার ভাইয়ের বিজিবিতে যোগদান দীর্ঘদিনের বেদনার মাঝে এক আশার আলো জাগিয়েছে।