ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আর্জেন্টিনা নেমে গেল তিনে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। শেষবার তারা এক নম্বর ছিল ২০১৪ সালের জুনে। চলতি মাসে দুর্দান্ত সূচনার মাধ্যমে ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়াকে ৩-০ ও তুরস্ককে ৬-০ গোলে হারিয়ে দারুণ ফর্মে ফিরেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ সাফল্যের সুবাদেই তারা দুই বছরের শীর্ষে থাকা আর্জেন্টিনাকে টপকে গেছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পিছিয়ে গিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।

র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ফ্রান্স। আগের মতোই চারে রয়েছে ইংল্যান্ড। পর্তুগাল জায়গা করে নিয়েছে পাঁচে, আর ব্রাজিল নেমে গেছে ছয়ে। ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা ও ব্রাজিল উভয়েই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা, আর বলিভিয়ার কাছে একই ব্যবধানে হেরেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শীর্ষ দশে আরও রয়েছে নেদারল্যান্ডস (৭), বেলজিয়াম (৮), ক্রোয়েশিয়া (৯) ও ইতালি (১০)। তবে বড় ধস নেমেছে জার্মানির, তারা তিন ধাপ পিছিয়ে অবস্থান করছে ১২ নম্বরে। দক্ষিণ আমেরিকার উরুগুয়ে এক ধাপ এগিয়ে এখন ১৫তম স্থানে। নতুন এই র‌্যাঙ্কিংয়ে বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্যে বড়সড় পরিবর্তনের আভাস মিলছে।