ফ্রান্স জুড়ে বিক্ষোভ

ফ্রান্সে বাজেট কাটছাঁটে অগ্নিগর্ভ পরিস্থিতি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

রাষ্ট্রীয় বাজেট কাটছাঁটের জেরে ফ্রান্সজুড়ে বিক্ষোভের জোয়ার উঠেছে। ট্রেড ইউনিয়ন ও বামপন্থি দলগুলোর ডাকে বৃহস্পতিবার রাজধানী প্যারিসসহ ছোট-বড় নানা শহরে রাস্তায় নেমে আসেন লাখো মানুষ।

ট্রেড ইউনিয়ন নেতাদের দাবি, অংশ নিয়েছেন অন্তত ১০ লাখ মানুষ। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বিক্ষোভকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ ৫ লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে মোতায়েন করা হয়েছে প্রায় ৮০ হাজার পুলিশ।

বিক্ষোভের মধ্যে প্যারিস, লিওন ও নানতেসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। টিয়ারগ্যাস, লাঠিচার্জ ও শিল্ড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ ঘটনায় ৩ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এদিকে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্যারিসমুখী অধিকাংশ মেট্রো বন্ধ রয়েছে। সড়ক অবরোধে স্থবির হয়ে গেছে যানবাহন চলাচল। বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও ওষুধের দোকানও।

বিক্ষোভের মূল কারণ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রোর ঘোষিত বাজেট কাটছাঁট। ঋণচাপ সামলাতে তিনি কল্যাণমূলক খাতসহ বিভিন্ন খাত থেকে ৪৪০০ কোটি ডলার কমিয়ে দেন। এর প্রতিবাদে বিরোধীদের আস্থা ভোটে হেরে তিনি ক্ষমতা হারান। নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নিও শপথ নিলেও এখনও কাটছাঁট প্রত্যাহার করেননি।

ফলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে এসেছে। বিক্ষোভকারীদের অভিযোগ— সরকার ধনীদের সুবিধা দিয়ে সাধারণ জনগণের উপর বোঝা চাপাচ্ছে। ট্রেড ইউনিয়ন নেতারা ঘোষণা দিয়েছেন, তাদের আন্দোলন আরও তীব্র হবে।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেটে কোনো পরিবর্তন আসছে না। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেশিলিও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীরা যত দেরি করে ঘরে ফিরবেন, গ্রেপ্তারের সংখ্যা ততই বাড়বে।