ভারতের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গ আর নেই। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার পর সাগর থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
আসামের এই জনপ্রিয় শিল্পী নর্থ-ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন। আজকের আসরে তাঁর পারফর্ম করার কথা ছিল। তবে হঠাৎ মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে ভারতীয় সংগীতাঙ্গন। দেশজুড়ে ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন।
১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন ছিলেন বহুমুখী প্রতিভাধর—গায়ক, সুরকার, গীতিকার, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে যুব মহোৎসবে পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক জয় করার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। একই বছর অসমিয়া অ্যালবাম অনামিকা প্রকাশের মাধ্যমে পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন।
২০০৬ সালে অনুরাগ বসুর চলচ্চিত্র গ্যাংস্টার–এ ইয়া আলী গান গেয়ে জুবিন গার্গ সারাদেশে আলোড়ন তুলেছিলেন। সেই গান আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে।
জুবিনের আকস্মিক প্রয়াণে ভারতসহ পুরো উপমহাদেশের সংগীতপ্রেমীরা গভীর শোকে নিমজ্জিত।
আপনার মতামত লিখুন :