এসি বিস্ফোরণ

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বাসায় ভয়াবহ এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) ও দুই সন্তান তানভীর (৯) এবং তাওহীদ (৭)। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইবার ১৫ শতাংশ, তানভীরের ৪০ শতাংশ এবং তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, আর ছোট ছেলে তাওহীদকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

দগ্ধ তুহিনের শ্যালিকা ফারজানা জানান, মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন তুহিন। রাতে হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনায় পুরো পরিবার আগুনে পুড়ে যায়। বর্তমানে তারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।