ভারতে কত দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ?

ভারতে বাংলাদেশের ইলিশ নিয়ে হুড়োহুড়ি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম চালানের ইলিশ ভারতের বাজারে পৌঁছেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। কলকাতার বিভিন্ন বাজারে মাছ ওঠার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় সব।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার রুপিতে বিক্রি হয়েছে। আর বড় আকারের, দেড় কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজিপ্রতি ২ হাজার ৫০০ রুপিতে। উচ্চমূল্য সত্ত্বেও দুর্গাপূজার আগে এই মৌসুমি স্বাদের মাছ পেতে হুড়োহুড়ি করে ক্রেতারা।

হাওড়ার পাইকারি বাজারে সরবরাহ সীমিত থাকায় প্রথমদিন ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার রুপির মধ্যে ওঠানামা করে। খুচরা বাজারে অনেকেই মাছের আকার ও দামের কারণে হতাশ হয়ে ফিরলেও আশা করা হচ্ছে সরবরাহ বাড়লে দাম কমে যাবে।

প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৩৭ টন ইলিশ এবং আখাউড়া স্থলবন্দর হয়ে ১ হাজার ১৯২ কেজি ইলিশ ভারতে প্রবেশ করেছে। সরকারের অনুমতি অনুযায়ী আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানি হবে। প্রতি কেজির রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা)।

ব্যবসায়ীরা বলছেন, এ রপ্তানি ভারত-বাংলাদেশের সৌহার্দ্য বাড়াবে। তবে সাধারণ ক্রেতারা আশঙ্কা করছেন, এ কারণে বাংলাদেশের বাজারে ইলিশের দাম আরও চড়া হতে পারে।