ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
ছাত্রদল সমর্থিত প্যানেল যে ১১টি অনিয়মের অভিযোগ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
ভোটার উপস্থিতির আগেই ব্যালট পেপারে আগাম ভোট দেওয়া ও ভুয়া স্বাক্ষর,
ক্রমিক নম্বরবিহীন ব্যালট ব্যবহার,
ছাপাখানা থেকে বিপুল পরিমাণ অরক্ষিত ব্যালট উদ্ধার,
ভোট গণনায় স্বচ্ছতার অভাব,
পোলিং এজেন্টদের বঞ্চনা,
নির্ধারিত ৮টির পরিবর্তে ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ,
নিরাপত্তা বাহিনীর সহায়তায় বহিরাগতদের প্রবেশ,
অস্বচ্ছ ব্যালট বাক্স ও কলম সংকট।
তারা অভিযোগ করেন, এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কালক্ষেপণ করে পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবি, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ ইতোমধ্যেই ইতিহাসে এক বিতর্কিত নির্বাচনে পরিণত হয়েছে।
আপনার মতামত লিখুন :