যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীরা। ঘটনার সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সেখানে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা যায়। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এ সময় আওয়ামী লীগ সমর্থকেরা তাসনিম জারাকে উদ্দেশ করে কটূক্তি করেন এবং স্লোগান দেন।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আখতার হোসেনের পিঠে দুটি ডিম লাগে। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি গাড়ির দিকে এগিয়ে যান। গাড়িতে ওঠার পর আওয়ামী লীগ নেতা–কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়েন এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। নিউইয়র্ক পুলিশ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এর আগে দুপুর থেকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা বিমানবন্দরের বাইরে পাল্টাপাল্টি স্লোগান দেন। পরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অনুমতি নিয়ে বিক্ষোভ করে। সেখানেও দুই পক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ হয়।
ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি নেতা আখতার হোসেন আওয়ামী লীগ নেতা–কর্মী ও সমর্থকদের বিচার দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :