রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির জেরে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো চলছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করছেন। এতে কার্যত পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে প্রশাসন ভবনের পশ্চিম পাশে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। ভবনের অধিকাংশ দপ্তরে তালা ঝুলছে, তবে কিছু অফিস আংশিক খোলা রয়েছে। ক্যাম্পাসে সীমিত সংখ্যক শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত থাকলেও সামগ্রিকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে।

ফিসারিজ বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, “২০ তারিখে আমাদের উপ-উপাচার্য ও প্রক্টরসহ অনেক শিক্ষক-কর্মকর্তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা শাটডাউন চালিয়ে যাচ্ছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আবু মো. তারেক জানান, “আমাদের দাবি স্পষ্ট—উপ-উপাচার্যের লাঞ্ছনার সুষ্ঠু সমাধান না হলে কাজে ফেরার প্রশ্নই আসে না।”

এর আগে রাকসু নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ থাকলেও পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আন্দোলনের একপর্যায়ে শনিবার শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তাদের সংঘর্ষ ঘটে। এরপর থেকে শিক্ষক-কর্মকর্তারা দৃষ্টান্তমূলক শাস্তি ও কোটা বহাল রাখার দাবিতে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।

এ পরিস্থিতিতে গতকাল রাকসু নির্বাচন কমিশন জরুরি সভা করে নির্বাচন পিছিয়ে দেয়। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।