জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীককে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইসির তালিকাভুক্ত ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে।
আখতার আহমেদ জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং জমা দেওয়া নথি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে প্রতীক সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যেই এক ধাপ এগিয়েছে।
এছাড়া তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও সরকারি ছুটির বিষয়টি বিবেচনায় রেখে সময়সূচি নির্ধারণ করা হবে।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম নিয়েও তিনি মন্তব্য করেন। সচিব বলেন, “প্রতিদিন নতুন খবর তৈরি করা সম্ভব নয়। তবে নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি।”
আপনার মতামত লিখুন :