চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চাকসু নির্বাচন স্থগিত, নতুন তারিখ ১৫ অক্টোবর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ১২ অক্টোবরের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। প্রার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

চাকসু নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে ২৫ জন, জিএস পদে ২২ জন এবং এজিএস পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাহী সদস্য পদেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৪ জন প্রার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই প্রার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।