জাতিসংঘকে উপহাস করলেন ট্রাম্প

‘ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামে না’


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে তীব্র সমালোচনা করে বলেছেন, সংস্থাটি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে এবং বরং অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে। হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে এটি ছিল তার প্রথম ভাষণ।

মঙ্গলবার দেওয়া বক্তব্যে ট্রাম্প অভিযোগ করেন, জাতিসংঘ অভিবাসনের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর ওপর ‘আক্রমণ’ বাড়িয়ে তুলছে, যেসব দেশ তার ভাষায় ‘নরকে যাচ্ছে’। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টাকেও কটাক্ষ করে একে ‘বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা’ আখ্যা দেন।

ট্রাম্প বলেন, জাতিসংঘের কাজ শুধু জোরালো ভাষায় চিঠি লেখা, যা ‘ফাঁকা বুলি’; আর ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামে না। এমনকি তিনি জাতিসংঘ সদর দপ্তরের ভাঙা এসকেলেটর ও খারাপ টেলিপ্রম্পটার নিয়েও ব্যঙ্গ করেন।

তিনি দাবি করেন, তার আমলে সাতটি যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন, তবে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও হামাস-ইসরায়েল যুদ্ধ সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে কটাক্ষ করে তিনি বলেন, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল।

ইউরোপীয় মিত্র, চীন ও ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। তবে মস্কোর ব্যাপারে তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নেন তিনি।

সবচেয়ে তীব্র ভাষায় তিনি অভিবাসন ইস্যুতে জাতিসংঘকে অভিযুক্ত করে বলেন, সংস্থাটি পশ্চিমা দেশগুলোর ওপর ‘আক্রমণে অর্থায়ন’ করছে। তার ভাষায়, “খোলা সীমান্তের ব্যর্থ পরীক্ষার ইতি টানার সময় এসেছে। তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে।” এ সময় তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন।