মুডিসের সতর্কবার্তা

খেলাপি ঋণ নবায়ন বাংলাদেশের ব্যাংক খাতের জন্য ‘ঋণ ঝুঁকিপূর্ণ’


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৪:১০ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস সতর্ক করেছে, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক খেলাপি ঋণ নবায়নের সুবিধা দেশের ব্যাংক খাতের জন্য ‘ক্রেডিট নেগেটিভ’ বা ঋণ ঝুঁকিপূর্ণ হিসেবে প্রভাব ফেলবে।

মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছর মেয়াদে খেলাপি ঋণ নবায়ন করতে পারবে। এছাড়া দুই বছরের গ্রেস পিরিয়ড ও মামলার স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে, এই সুবিধা ব্যাংকের ওপর চাপ সাময়িকভাবে কমালেও দীর্ঘমেয়াদে ঋণ আদায়ের ঝুঁকি বৃদ্ধি পাবে এবং অনাদায়ী ঋণের সংস্কৃতি আরো প্রোতিষ্ঠিত হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেস পিরিয়ডের কারণে গ্রাহকের প্রকৃত ঋণ পরিশোধ সক্ষমতা যাচাই বিলম্বিত হবে। খেলাপি ঋণ নবায়নের পর ৯০ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের বিধানও ঋণ আদায় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এতে কৃত্রিমভাবে খেলাপি ঋণের মাত্রা কম দেখাতে পারলেও প্রকৃত ঝুঁকি থাকবে।

মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের ব্যাংক খাতের অনাদায়ী ঋণের হার ছিল ১১.১%, যা ২০২৫ সালের মার্চে বেড়ে ২৪.১% এ পৌঁছেছে। একই সময়ে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে ব্যাংকের মূলধন মাত্র ৩.১% দাঁড়িয়েছে, যা আইনি সীমার অনেক নিচে। তবে ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের ঋণমান তুলনামূলকভাবে স্থিতিশীল।

মুডিসের সতর্কবার্তা স্পষ্ট করে দিয়েছে, নিয়মিত তদারকি ছাড়া খেলাপি ঋণ নবায়ন দীর্ঘমেয়াদে ব্যাংক খাতের জন্য ঝুঁকি সৃষ্টি করবে।