মির্জা ফখরুল

অবিশ্বাস নয়, আস্থা গড়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিশ্বাস নয়, আস্থা গড়েই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টাও এ বিষয়ে ইতিবাচক অবস্থানে আছেন। তবে একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলা পত্রিকা ঠিকানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলাপচারিতায় ফখরুল স্পষ্টভাবে জানান, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হবে। তবে জনগণের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর করে আস্থা গড়ে তোলার কাজ এখনই শুরু করতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি ও শাসনব্যবস্থাকে বিভাজনমূলক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত ১৫ বছরে ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে রাজনীতিতে চরম বিভাজন সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এই বিভাজন এখন শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, গণমাধ্যম ও সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে। ফলে অবিশ্বাসই সমাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফখরুলের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা। তিনি সতর্ক করে বলেন, আস্থা না ফিরলে শুধু নির্বাচন নয়, দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। তাই জাতীয় ঐক্যের ভিত্তিতেই আগামী নির্বাচনে অংশগ্রহণ জরুরি।