নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার জন্য বাংলাদেশ মিশনের ত্রুটিকে দায়ী করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “আমরা যদি একসঙ্গে বের হতাম, তাহলে এমন ঘটনা ঘটত না।”
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা পত্রিকা ‘ঠিকানা’য় দেওয়া সাক্ষাৎকারে ডা. তাহের বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি জানান, ভিসার ধরন ভিন্ন হওয়ায় তাদের বহরে বিভ্রাট ঘটে। সরকারি কর্মকর্তাদের জি-ওয়ান ভিসায় ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই, অথচ তাদের পর্যটক ভিসায় তা দিতে হয়। ফলে তারা হেঁটে ইমিগ্রেশনে যান, আর সেখানেই নিরাপত্তার ঘাটতি ঘটে।
ঘটনার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাসনিম জারা উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কিছুটা দূরে ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কর্মীরা আমার নামে স্লোগান দিচ্ছিল। আমি তাদের ফখরুল সাহেবের নামেও স্লোগান দিতে বলি। কিন্তু উত্তেজনায় তারা শুনছিল না। এতে ফখরুল ভাই বিব্রতবোধ করেন, তাই আমি কিছুটা দূরত্ব বজায় রাখি।”
ডা. তাহের আরও জানান, সংবর্ধনা ও সংক্ষিপ্ত বক্তৃতায় ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থলে ডিম নিক্ষেপের সময় সরাসরি ছিলেন না, পরে খবর পান।
আপনার মতামত লিখুন :