রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা “রূপালীক্যাশ” আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এ সেবার উদ্বোধন করেন।
২০১৬ সাল থেকে ‘শিওরক্যাশ’-এর মাধ্যমে বিভিন্ন ভাতা, উপবৃত্তি, ইউটিলিটি বিল পরিশোধসহ আর্থিক সেবা দিয়ে আসছিল রূপালী ব্যাংক। এবার নিজস্ব ব্র্যান্ডে চালু হওয়া “রূপালীক্যাশ” গ্রাহকদের আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী লেনদেনের সুযোগ করে দেবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এটাই প্রথম নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)।
“রূপালীক্যাশ”-এ ই-কেওয়াইসি ভিত্তিক অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার, বেতন প্রদান, মোবাইল রিচার্জ, মার্চেন্ট বিল পরিশোধসহ নানা সেবা মিলবে। এছাড়া রূপালী ব্যাংকের হিসাব থেকে “রূপালীক্যাশ”-এ টাকা স্থানান্তরে কোনও চার্জ দিতে হবে না।
ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, “দায়িত্বে আসার পর প্রযুক্তিতে শীর্ষে যাওয়ার লক্ষ্য নিয়েছিলাম। আইটি টিমের প্রচেষ্টায় আজ আমরা সেই লক্ষ্যপূরণের পথে আরও এক ধাপ এগোলাম।”
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের প্রতিনিধিসহ নানা অতিথি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :