সালাহউদ্দিন আহমদ

পিআর ভোটব্যবস্থা দেশে অস্থিতিশীলতা ডেকে আনবে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ভোটব্যবস্থা চালুর উদ্যোগকে দেশের জন্য অস্থিতিশীলতার পূর্বাভাস বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার আশঙ্কা, এ ব্যবস্থা চালু হলে শেখ হাসিনার সময়কার মতো দুর্বল কিংবা ফ্যাসিস্ট সরকার আবারও গড়ে উঠতে পারে, যা জাতির জন্য দীর্ঘমেয়াদি অস্থিরতা ডেকে আনবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “পিআর ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো বেশি আসন দখল করা এবং দেশে অনৈক্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা, যাতে মেজরিটি দল ক্ষমতায় না আসতে পারে। যারা জনগণের কাছে কম জনপ্রিয়, তাদের জন্যই এই ব্যবস্থা লাভজনক।”

তিনি আরও মন্তব্য করেন, সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে—জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। তাই কোন ভোটপদ্ধতি অনুসরণ করা হবে তা বুঝতে জামায়াতকে আগে সংবিধান পড়তে হবে।

সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক ও অবৈধ দাবি মেনে জাতিকে বিপদের মুখে ঠেলা যাবে না। তিনি মনে করিয়ে দেন, বর্তমান সরকার সাংবিধানিক সরকার, তাই সংবিধানসম্মত ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে দেশ পরিচালনা করতে হবে।

জরিপের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, “একটি জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা জানেই না। অথচ জামায়াত দাবি করছে, ৭০ শতাংশ মানুষ পিআর ভোটব্যবস্থা চায়। মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।