পলাতক নওফেলের হুমকি

গৃহযুদ্ধের ইঙ্গিত, ছাত্র-জনতাকে সতর্ক করলেন সাবেক শিক্ষামন্ত্রী


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৯:২০ অপরাহ্ন

পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি ইউটিউব সাক্ষাৎকারে বলেছেন, “বাঙালি অনেক কঠিন। কিছু দিনের জন্য তারা বসেছে, কারো পিঠের চামড়া থাকবে না। দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে বলে আওয়ামী লীগ ধৈর্য ধরে অহিংস আন্দোলন করছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা দেশের স্বার্থ রক্ষায়, গৃহযুদ্ধ এড়াতে প্রস্তুতি নিচ্ছে।”

নওফেল আরও উল্লেখ করেন, “আমাদের আঞ্চলিক সব শক্তি আছে। বিএনপি-জামায়াত বা জুলাই গোষ্ঠীর সঙ্গে কেউ নেই। তাদের পালাতে হলে, আমাদের আশ্রয় পেতে হবে। তারা কোথাও পালাতে পারবে না।” তিনি দেশের অর্থনীতি রক্ষার স্বার্থে আওয়ামী লীগের ধৈর্য্যধারণকেও গৃহযুদ্ধ এড়ানোর উদ্দেশ্য হিসেবে ব্যাখ্যা করেন।

বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতাসীন নেতার মুখ থেকে এমন ইঙ্গিত দেওয়া সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উত্তেজিত করতে পারে এবং জনমনে ভয় সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে।

নওফেলের বিতর্কিত মন্তব্য নতুন নয়। শিক্ষামন্ত্রী থাকাকালীন চট্টগ্রামের এক সভায় তিনি বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেবো”। এছাড়া বিভিন্ন সময় তিনি ঘোষণা দিয়েছেন, “আওয়ামী লীগ বন্ধুত্ব করতে জানে, আবার ঘাড় মটকেও দিতে জানে।”

ভারতে পালিয়ে থাকা এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তার নির্দেশে জুলাই-আগস্টে ছাত্রদের ওপর অস্ত্র ব্যবহার করা হয়। এই ঘটনায় ৬ জন ছাত্র-জনতা নিহত হন। নওফেল ও তার পরিবারের রাজনৈতিক প্রভাব এখনও অস্বীকৃত নয়; তার বাবা মহিউদ্দিন চৌধুরী নগর আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র ছিলেন।

নওফেলের সাম্প্রতিক হুমকি ও পূর্ববর্তী সহিংসতার ঘটনাগুলো দেশের রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।