জুবিন গার্গের মৃত্যু

ড্রামার শেখরজ্যোতি গ্রেফতার, SIT গঠন করল আসাম সরকার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী জুবিন গার্গ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। গত শুক্রবার সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় সাঁতার কাটার সময় তিনি পানিতে ডুবে মারা যান। বিদেশে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় অনেকেই ষড়যন্ত্রের আভাস পেয়েছেন।

এরপরই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তদন্তের জন্য বিশেষ SIT (Special Investigation Team) গঠনের নির্দেশ দেন। মঙ্গলবার জুবিনের শেষকৃত্য শেষে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অভিযোগে বলা হয়েছে, তাঁর আমন্ত্রণে জুবিন পানিতে নেমেছিলেন।

একই দিনে SIT অভিযান চালিয়ে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা-এর বাড়িতেও তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, খুব শিগগির মোহন্ত ও সিঙ্গাপুর-আসাম অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যকেও গ্রেপ্তার করা হতে পারে।

জুবিনের নির্ধারিত অনুষ্ঠানের তারিখ ছিল ২০ ও ২১ সেপ্টেম্বর, কিন্তু ১৯ তারিখই তিনি অনন্তের পথে চলে যান। জানা গেছে, জুবিনের মৃগী রোগ ছিল এবং পানিতে স্কুবা ডাইভিং করতে গিয়ে তার এটি উসকে যায়, যা মৃত্যুর মূল কারণ হতে পারে। তবে আসল কারণ জানতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

জুবিনের আকস্মিক মৃত্যু এখনো পুরোপুরি রহস্যের আড়ালে, এবং SIT তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ স্পষ্ট নয়।