মোট প্রাণহানি ছাড়াল ৬৫ হাজার ৫০০

গাজায় একদিনে আরও ৬০ নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬৫ হাজার ৫০০


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানে একদিনেই আরও ৬০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই হামলায় আহত হয়েছেন অন্তত ১৪২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মরদেহ চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকর্মী ও সরঞ্জামের সংকটের কারণে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর পর্যন্ত গত দুই বছরে গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮।

বিবৃতিতে আরও বলা হয়, ২৭ মে থেকে গাজায় খাদ্য ও ত্রাণ বিতরণের সময়ও নিয়মিত হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শুধু শুক্রবার ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ৫ জন এবং আহত হয়েছেন ৩৩ জন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হঠাৎ ইসরায়েলে আক্রমণ চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি নেয়। এরপরই শুরু হয় ইসরায়েলের সামরিক অভিযান, যা এখনও চলছে। ইসরায়েলি নেতৃত্বের দাবি, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, আন্তর্জাতিক মহলে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা চলছে। ইতোমধ্যে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।