বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বুলবুল-তামিমসহ মনোনয়নপত্র নিলেন ৬০ প্রার্থী


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনের আগে শনিবার শেরে-ই-বাংলা প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম চলে। দিনভর তিন ক্যাটাগরিতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে ২৫ জন, ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ৩২ জন এবং ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, আমিনুল ইসলাম বুলবুল, সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট, সাবেক নির্বাচক ফারুক আহমেদ ও বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক। তাদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুইজন মিলিয়ে বোর্ড হবে ২৫ সদস্যের। পরবর্তী ধাপে এই পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি।