এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। মহাদেশীয় ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের লড়াই ঘিরে দুই দেশের সমর্থক ছাড়াও গোটা ক্রিকেটবিশ্বের দৃষ্টি আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়।
১৯৮৪ সালে যাত্রা শুরু করা এশিয়া কাপের এবারের আসরটি ১৭তম। এর আগে ভারত ১১ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ৮ বার। পাকিস্তান ৫ বার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে ২ বার। তবে এবারের আগে কখনোই ফাইনালে মুখোমুখি হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। চলমান আসরে দুইবার মোকাবিলা করে দুটি ম্যাচেই জিতেছে ভারত।
টি-টোয়েন্টি ফরম্যাটে পরিসংখ্যানেও এগিয়ে ভারত। এখন পর্যন্ত মোট ১৬ ম্যাচে ভারত জয় পেয়েছে ১২টিতে, পাকিস্তানের জয় মাত্র ৩টিতে, আরেকটি ম্যাচ টাই হয়েছে। তবে ফাইনালের লড়াইয়ে সব হিসাব-নিকাশই নতুন করে সাজাতে হয়। ইতিহাস বলছে, টুর্নামেন্টের ফাইনালে ভারত-পাকিস্তান ১০ বার মুখোমুখি হয়েছে, যেখানে পাকিস্তান জিতেছে ৭ বার আর ভারত ৩ বার। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।
এশিয়া কাপের ফাইনাল ঘিরে মাঠের ভেতরের উত্তেজনার পাশাপাশি মাঠের বাইরের তিক্ততাও আলোচনায়। আগের ম্যাচগুলোতে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অনীহা দেখান। আবার বিতর্কিত উদযাপনে শিরোনামে আসেন পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহান। ফাইনালের আগে আইসিসি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার রউফকে শাস্তিও দিয়েছে।
দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া মহারণে পরিসংখ্যান ও র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও ফাইনালের অনিশ্চয়তা সবসময়ই অন্যরকম। ভারত বর্তমানে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ে এক নম্বরে, আর পাকিস্তান সপ্তম স্থানে। তবে ক্রিকেটের ফাইনাল মানেই ভিন্ন আবহ, ভিন্ন চাপ। আজকের এই ম্যাচে তাই দুই দলের জন্যই অপেক্ষা করছে নতুন ইতিহাস গড়ার সুযোগ।
আপনার মতামত লিখুন :