দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শেষদিকে তিলক ভার্মার দুর্দান্ত ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেছিল পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটে ৯.৪ ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় ৮৪ রান। তবে সেই জুটি ভাঙার পর ধস নামে পাকিস্তান শিবিরে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় তারা।
ফারহান ৩৮ বলে ৫৭ রান করে ফেরেন সাজঘরে, যেখানে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। ফখর জামানও খেলেন ৩৫ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস। তবে বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ; সাঈম আইয়ুব ১৪, হুসেইন তালাত ১, অধিনায়ক সালমান আঘা ৮ রান করে আউট হন। শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ ফেরেন শূন্য রানে।
জবাবে ভারতের ইনিংসেও শুরুটা ভালো হয়নি। টপ অর্ডারের কয়েকটি উইকেট দ্রুত হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাচ্ছিল পাকিস্তানের হাতে। তবে পরিস্থিতি সামলে নেন তিলক ভার্মা। শেষ দুই বল বাকি থাকতেই তার অনবদ্য ব্যাটিংয়ে ভারত ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় এবং পঞ্চমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে।
আপনার মতামত লিখুন :