সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কারা সদর দপ্তর ও ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, তিনি কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গত ২৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, হত্যা ও ভাঙচুর মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
রাজনৈতিক জীবনে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। তিনি নবম সংসদে প্রতিরক্ষা কমিটির সদস্য, দশম সংসদে প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি এবং একাদশ সংসদে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :