গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলা

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫ জনে। আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন। রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৯ মৃতদেহ হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে দুজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ৩৭৯ জন আহত হন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৬ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। এর ফলে চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহের চেষ্টা করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৬ এবং আহত হয়েছেন ১৮ হাজার ৭৬৯ জন।

গাজায় ইসরায়েলের এই হামলার ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দা ঝড় উঠেছে। এমনকি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। তবুও থামছে না আগ্রাসন ও হামলা।