বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদের নির্বাচনে তিনটি মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।
গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত ৫১টি মনোনয়ন ফরম জমা পড়ে। সোমবার যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া মনোনয়নের মধ্যে একজন ঢাকার প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান। ফলে ঢাকা বিভাগে বাকি দুই প্রার্থী বুলবুল ও ফাহিমের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না।
এছাড়া চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার একটি ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার একটি মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে যারা বাতিল হয়েছেন তারা আগামীকাল আপত্তি জানাতে পারবেন। তাদের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
এর আগে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ২৫ জন মনোনয়ন নেন। এর মধ্যে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন এবং বরিশাল থেকে ১ জন। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ২৩ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন মনোনয়ন জমা দেন।
নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক ধাপ এগিয়ে চললেও মনোনয়ন বাতিলের ফলে কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হওয়ায় প্রতিযোগিতার উত্তাপ কিছুটা কমে এসেছে।
আপনার মতামত লিখুন :